শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহারি খাবারের বেইলি রোডে ইফতার বাজার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম
বেইলি রোডে ইফতার বাজার 
expand
বেইলি রোডে ইফতার বাজার 

রাজধানীর পুরান ঢাকার ইফতার বাজারের ঐতিহ্য প্রতিষ্ঠিত হয়েছে বহু আগে। তবে ঢাকায় এর বাইরেও বেশ কয়েক জায়গায় বাহারি খাবারের ইফতার বেচাকেনা হয় বহু বছর ধরেই, যার মধ্যে রাজধানীর বেইলি রোড অন্যতম।

শান্তি নগর, মালিবাগ, মগবাজার, ইস্কাটনের মতন আশপাশ ও দূরবর্তী এলাকার মানুষও বেইলি রোডের ইফতার বাজারে ভিড় করেন। পরিবার ও প্রিয়জনদের জন্য ক্রয় করেন বাহারি ও সুস্বাদু খাবার।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিউ বেইলি রোডের প্রতিটি ইফতারের দোকানে ভিড় দেখা যায়। এই সড়কে বেশির ভাগই হচ্ছে পরিচিত ব্র্যান্ডের খাবারের দোকান, যারা মূলত রমজান মাসে ইফতার বাজারের আয়োজন করেন। যে কারণে ভাসমান দোকান নেই বললেই চলে।

নিউ বেইলি রোড থেকে শান্তি নগর মোড় পর্যন্ত নবাবী ভোজ, কাচারি বাড়ি, ভোজ বাঙালি, বস সুইটস ও পুষ্টি ডেইরী ফার্মসহ একাধিক নামি-দামি দোকানের ইফতারের স্টলে ভিড় দেখা যায়। প্রতিটি দোকানেই খাবারের মূল্য তালিকাও টানানো দেখা যায়।

দেখা যায়, নবাবী শাহী হালিম ৫শ থেকে ২ হাজার টাকা, স্পেশাল বোম্বে জিলাপি ৩৫০টাকা, শাহী জিলাপি ৪৫০ টাকা, শাহী ছোলা কেজিপ্রতি ৩৫০ টাকা, চিকেন সামুচা ৪০ টাকা, চিকেন রোল ১২০ টাকা।

এছাড়া, মাটন লেগ রোস্ট ৬শ টাকা, চিকেন রোস্ট পিচ ১৮৫ টাকা এবং আস্ত মুরগি রোস্ট ৬৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

হোসেন নামের এক বিক্রেতা বলেন, রেগুলার ইফতার আইটেমের সঙ্গে এখানে বাহারি খাবার পাওয়া যায়। বিশেষ করে ইফতারে ভারি খাবার যারা পছন্দ করেন, তারাই চলে আসেন বেইলি রোডে। বিকেলের দিকে বেচাবিক্রি বাড়ে। দাম নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, এজন্য প্রতিটি খাবারের সামনে দাম লেখা ও দোকানের সামনেও দামের তালিকা টানানো হয়েছে।

একাধিক ক্রেতা বলেন, পরিবার পরিজন নিয়ে ইফতারে একটু ভিন্নতা আনতেই বেইলি রোডের ইফতার বাজার থেকে খাবার কেনা হয়। এখানে হরেক রকমের বাহারি খাবার অনেকেরই পছন্দ। বিশেষ করে, বেইলি রোডের বিভিন্ন রেস্তোরাঁর হালিমের প্রশংসা করেন ক্রেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X