

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অজ্ঞাতনামা ভারতীয় ফোন নাম্বার থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শুক্রবার রাত ৮টার দিকে শাহবাগ থানা প্রাঙ্গণে লিখিত অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুসাদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টা ৩৮ মিনিটে ‘ডাকসু’ কার্যালয়ে অবস্থানকালে তার ব্যক্তিগত ফোনে একটি অজ্ঞাতনামা ভারতীয় নাম্বার থেকে কল আসে।
মুসাদ্দিক দাবি করেন, কলদাতা পরিচয় না দিয়ে অকথ্য ভাষায় গালাগালি এবং যেকোনো সময় তাকে হত্যা করে ডাস্টবিনে ফেলে দেওয়ার হুমকি দেন। প্রায় দুই মিনিট ধরে অশ্রাব্য ভাষায় কথা বলা হয়, তবে কোনো নির্দিষ্ট দাবি বা কারণ উল্লেখ করা হয়নি।
তিনি বলেন, এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে নিজের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন অনুভব করেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে ভারতীয় অজ্ঞাত নাম্বার থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এজন্য আমি শাহবাগ থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও জানান, প্রাণনাশের শঙ্কায় তিনি আইনগত সহায়তা নিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হুমকির প্রসঙ্গে তিনি রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিয়ে বলেন, নির্বাচিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, তবে তা শান্তিপূর্ণভাবে হওয়া উচিত।
ডাকসু নেতারা হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্ট নম্বর শনাক্তকরণ এবং নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান দাবি করেছেন। শাহবাগ থানায় দায়ের করা সাধারণ ডায়েরি অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গেছে।
মন্তব্য করুন

