শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় থাকি-রাস্তায় ঘুমাই; আমাগো আবার ভোট? 

মাজহার ইমন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
সড়কের ফুটপাতে এক পরিবারের বসবাস
expand
সড়কের ফুটপাতে এক পরিবারের বসবাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশ মেতেছে ভোট উৎসবে। যার যার পছন্দের দল, প্রার্থী বা প্রতীক দেখে ভোট দিচ্ছেন দেশের নাগরিকরা। ১২ ফেব্রুয়ারির এই ভোটগ্রহণের ফলাফলেই নির্ধারণ হবে ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি।

রাষ্ট্রের সকল নাগরিকের মানবাধিকারের মধ্যে একটি হচ্ছে ভোট প্রদান করা। এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারও বটে। কিন্তু এই অধিকার সকল নাগরিকের জন্য নিশ্চিত করতে পারেনি রাষ্ট্র।

এই যেমন পারভেজ-নুর জাহানের সংসারে ভোটের আনন্দ নেই। সড়কের ফুটপাতে বসবাস করা এই পরিবারের কোনোভাবে দু'বেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকাটাই তাদের প্রাপ্য অধিকার! তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মা নুর জাহান আর বাবা পারভেজের ইচ্ছে ভাসমান চায়ের দোকানটা বড় করা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কোনো আনন্দ, উচ্ছ্বাস বা দাবি নেই তাদের। অথচ, যে সড়কের ফুটপাতে এই পরিবারের বসবাস সে সড়কে অর্থাৎ নিউ বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা।

এনপিবি নিউজ পারভেজ-নুর জাহানের কাছে জানতে চাইলে তারা বলেন, দুজনেই ঢাকার বাইরের ভোটার। পারভেজ ময়মনসিংহের ত্রিশালে এবং নুর জাহান শেরপুরের ভোটার। এতো দূরে গিয়ে ভোট দিয়ে আবার ঢাকায় ফেরার মতন অর্থ খরচের সামর্থ্য নেই তাদের।

নুর জাহান বলেন, রাস্তায় থাকি আমাগো আবার ভোট? আগে বাসা বাড়িতে কাজ করতাম, বাচ্চাকাচ্চা লইয়া এখন সেই কাজেও নেয় না মানুষে।

তিন সন্তানের অধিকারী এই দম্পতির বড় ছেলে ১১ বছরের নুর আলম, ৭ বছরের মেজো ছেলের নাম নুর মোহাম্মদ আর সাড়ে ৩ বছরের মেয়ে ছোট্ট আমেনা।

পারভেজ-নুর জাহানের মতন অনেকেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়। যাদের ভোট নিয়ে কোনো আগ্রহ নেই, অনেকে তো ভোটারও নন। হবেন'ই বা কিভাবে? যাদের থাকার জায়গা নেই, পরিচয় নেই; ছিন্নমূল মানুষ হিসবে যারা সমাজে অবহেলিত। কোনোভাবে বেঁচে থাকাটাই যাদের দৈনিক সংগ্রাম।

মানবাধিকার কর্মী নাসির উদ্দিন এলান বলেন, সকল নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রেরও মৌলিক দায়িত্ব। কিন্তু এ বিষয়ে রাষ্ট্রকে তেমন ভূমিকা পালন করতে দেখা যায় না। ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে মানুষের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ, নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup