

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা দুই সেশনে বাড়ার পর আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির উদ্বেগ বাড়ে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের ইয়েল্ড বাড়ায় স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ১২টা ১ মিনিট (জিএমটি) পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯২ দশমিক ৮৬ ডলারে নেমেছে। আর ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও দশমিক ৫ শতাংশ কমে হয়েছে ৪ হাজার ৪৪৯ দশমিক ৫০ ডলার।
স্বর্ণবাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, শক্তিশালী দরবৃদ্ধির পর কিছুটা মুনাফা তুলে নেওয়া এবং স্বর্ণের ওপর প্রচলিত কিছু চাপ—দুইয়ের সমন্বয়েই দাম সংশোধন হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়তে পারে। এর ফলে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের ইয়েল্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করবে।
এদিকে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। মঙ্গলবার তেলের দাম দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডে বিক্রির চাপ বাড়ায় ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়েল্ড প্রায় দুই দশকের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।
সুদহার কমানোর সম্ভাবনায় নজর
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরান ‘পূর্ণাঙ্গ আক্রমণাত্মক’ সামরিক অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনও সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করেছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতির প্রত্যাশা বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সম্ভাবনা কমে যায়। আর স্বর্ণ কোনো সুদ দেয় না বলে সুদহার বাড়ার সম্ভাবনা তৈরি হলে সাধারণত এর আকর্ষণ কমে যায়।
গত সপ্তাহে স্বর্ণের দাম ৫ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। যুক্তরাষ্ট্রে জুলাইয়ে অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান কমে যাওয়া, প্রত্যাশার চেয়ে কম মূল্যস্ফীতি এবং খুচরা বিক্রিতে দুর্বলতার পর সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা বেড়ে যায়। বাজার এখন বুধবার প্রকাশ হতে যাওয়া ফেডের সর্বশেষ নীতিনির্ধারণী বৈঠকের কার্যবিবরণীর দিকে তাকিয়ে আছে।
রস নরম্যান বলেন, এখনই স্বর্ণের নতুন ঊর্ধ্বমুখী বাজার শুরু হয়েছে বলা খুব তাড়াতাড়ি হবে। তবে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য কিছু ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে। তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২২ সালে শুরু হওয়া দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতা আবারও গতি পেতে পারে বলে তিনি মনে করেন।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ০৮ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৭৪৫ দশমিক ৫৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৩১৮ দশমিক ২৯ ডলার হয়েছে। সূত্র: রয়টার্স
দেশের বাজারে স্বর্ণের দাম
দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় বেচাকেনা হচ্ছে।


