বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমে গেছে। তবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার কম হওয়ায় ফেডারেল রিজার্ভের সুদের হার স্বল্পমেয়াদে বাড়ানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল স্বর্ণের দাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ২টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৩ দশমিক ২৯ ডলারে নেমে আসে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩০ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

মূল্যবান ধাতুর বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সামগ্রিক চাঙা ভাব বজায় থাকার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়া শুরু করায় স্বর্ণের দাম কমে গেছে।’

নরম্যান উল্লেখ করেন, এই ধাক্কা সত্ত্বেও স্বর্ণের দাম আবারও বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ভূ-রাজনীতিতে বর্তমানে নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলার বেশি প্রাধান্য পাওয়ায় সেই ঊর্ধ্বমুখী দৌড় আপাতত স্থগিত রয়েছে।

এর আগে বুধবার (১২ আগস্ট) প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার টানা দ্বিতীয় মাসের মতো কমেছে। এতে করে আগামী মাসে সুদের হার বাড়ানোর বিষয়ে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডের নীতিনির্ধারকদের মধ্যে কোনও তাড়া দেখা যাচ্ছে না।

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৩৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৪১ ডলারে নেমেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৯৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭২২ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৩৯ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা ও সনাতন পদ্ধতির ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank