সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিসিসিআই পেল ব্যবসায়ী প্রশাসক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দীর্ঘদিনের দাবির পর অবশেষে ব্যবসায়ী সংগঠনগুলোর শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছে সরকার। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক।

রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পরপরই এফবিসিসিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় তাকে ১২০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তার প্রধান দায়িত্ব হবে এই সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত ব্যবসায়ী নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা।

ফজলুল হক এর আগে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসায়ী মহলের দাবি ছিল, সরকারি আমলার পরিবর্তে বেসরকারি খাতের অভিজ্ঞ কোনো ব্যবসায়ীর হাতে এফবিসিসিআইয়ের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হোক। সরকারের সর্বশেষ সিদ্ধান্তে সেই দাবিই বাস্তবায়ন হলো।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ নিয়ে সংকট শুরু হয়। পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবির মুখে তৎকালীন সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করলে ওই বছরের ১১ সেপ্টেম্বর সরকার পর্ষদ বিলুপ্ত করে এবং প্রশাসক নিয়োগ দেয়।

প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান। এক বছর দায়িত্ব পালন করলেও আদালতে মামলা ও বিধিমালা নিয়ে জটিলতার কারণে তিনি নির্বাচন সম্পন্ন করতে পারেননি। যদিও তাঁর আমলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, পরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের রিটের কারণে তা স্থগিত হয়ে যায়।

হাফিজুর রহমানের মেয়াদ শেষে প্রায় দেড় মাস প্রশাসকের পদ শূন্য থাকার পর ২০২৫ সালের অক্টোবরে তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক করা হয়। তাকেও ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু চলমান মামলার কারণে তিনিও নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হন। পরে তাঁর মেয়াদ আরও চার মাস বাড়ানো হলেও গত ২৬ জুন সেই মেয়াদ শেষ হয়।

গত মে মাসে এফবিসিসিআই সংস্কার পরিষদের নেতারা সরকারি কর্মকর্তার পরিবর্তে একজন ব্যবসায়ীকে প্রশাসক নিয়োগের দাবি জানান। সে সময় তৎকালীন প্রশাসক আবদুর রহিম খান—যিনি একই সঙ্গে বাণিজ্যসচিবের চলতি দায়িত্বও পালন করছিলেন—ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। প্রায় দুই মাস পর সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করল।

দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসক মো. ফজলুল হক বলেন, সরকারের দেওয়া ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী নেতৃত্ব ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করবেন। এজন্য তিনি এফবিসিসিআইয়ের সদস্য এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।

তবে ব্যবসায়ীদের মতে, প্রশাসক পরিবর্তনের মাধ্যমে ব্যবসায়ী মহলের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হলেও প্রকৃত চ্যালেঞ্জ রয়ে গেছে আদালতে ঝুলে থাকা মামলাগুলোর নিষ্পত্তি এবং নির্বাচন আয়োজনের আইনি জটিলতা দূর করা। এসব বাধা কাটানো না গেলে নতুন প্রশাসকের জন্যও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা কঠিন হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন