

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনাল ও ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের সঙ্গে চুক্তি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, “এই তিনটি টার্মিনাল ২৫ থেকে ৩০ বছরের জন্য বিদেশিদের হাতে দেওয়া হবে। আশা করছি, ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে। বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য এটি একমাত্র কার্যকর উপায়।”
রবিবার (১২ অক্টোবর) পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে অনুষ্ঠিত ‘সমুদ্রগামী জাহাজশিল্পের বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব তথ্য জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদী সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।
নৌসচিব আরও জানান, বিদেশি অপারেটরের সঙ্গে টার্মিনাল পরিচালনার চুক্তি প্রয়োজনে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের ১৩টি গেটের মধ্যে মাত্র ছয়টি স্ক্যানিং মেশিন কাজ করছে, যার মধ্যে ৩-৪টি প্রায়ই নষ্ট থাকে। এরকম অবস্থায় বন্দরের কার্যক্রম ঠিকভাবে চলতে পারে না।
তাই বিদেশি অপারেটর নিয়োগের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।”
তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে ৫.৩৬ মিলিয়ন টিইউএস কনটেইনার ওঠানো-নামানোর পরিকল্পনা রয়েছে। তাই বিদেশি অপারেটরের অংশগ্রহণ ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়।
বিশ্বের বিভিন্ন দেশে ভারত ও শ্রীলঙ্কাসহ বিদেশি অপারেটর নিয়োগের অভিজ্ঞতা রয়েছে।
দীর্ঘদিন চট্টগ্রাম এনসিটি পরিচালনা করেছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।
গত জুলাই তাদের চুক্তি শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নতুন উদ্যোগ হিসেবে বিদেশি অপারেটরের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে।
বর্তমানে ছয় মাসের জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। তবে বিদেশি অপারেটরের দায়িত্ব দেওয়ার বিষয়টি ইতিপূর্বে বিতর্ক সৃষ্টি করেছিল।
মন্তব্য করুন
