

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের অর্থনীতির ভিত শক্ত করছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গত দেড় বছর যাবত প্রবাসী আয় ঊর্ধ্বমুখী। সে ধারা অব্যাহত রেখে চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনেই এসেছে ২২২ কোটি ডলার বা ২৭ হাজার ১৫০ কোটি টাকার (ডলারপ্রতি ১২২.৩০ টাকা ধরে) রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র মতে, চলতি মাসের ২০ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে ৭৯ কোটি ডলারের বেশি। ২০২৫ সালের জানুয়ারির ২০ দিনে এসেছিল ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স যা আগের তুলনায় ৫৪ দশমিক ৭ শতাংশ বেশি। তথ্য মতে, চলতি মাসের ২০ তারিখে ৯৮ মিলিয়ন বা ৯ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের দিন অর্থাৎ ১৯ জানুয়ারি এসেছিল ৮৪ মিলিয়ন বা ৮ কোটি ৪০ লাখ ডলার।
চলতি অর্থবছরে (জুলাই-২০২৫ থেকে ২০ জানুয়ারি ২০২৬) এখন পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৪৮ কোটি ৭০ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২৭ কোটি ডলার বা ২১ দশমিক ৫ শতাংশ বেশি।
এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩.২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদ কেন্দ্র করে এসেছিল সেটি। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটিও ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স।
তবে সেই দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ডটিকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করলো সদ্য বিদায়ী বিজয়ের মাস ডিসেম্বর। সদ্য বিদায়ী মাসটির পুরো সময়ে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
মন্তব্য করুন
