সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামিসহ সংশ্লিষ্ট সকলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং রায়গঞ্জকে মাদকমুক্ত করারও দাবি জানান।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে ধানগড়া সেন্টার পয়েন্টে জনতা ব্যাংক সংলগ্ন মিলন পাঠাগারের সামনে থেকে স্থানীয় ছাত্র-যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন শোহান, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ, শোভন ও তমাল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাত ৮টার দিকে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া মধ্যপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমানের পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন মাদকাসক্ত অবস্থায় তাঁদের বাড়ির সামনে এসে অশালীন আচরণ ও গালাগাল করলে বাধা দেওয়া হয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে ধারালো অস্ত্রের হামলায় আব্দুর রহমান ও তাঁর ভাই হাছান শেখ গুরুতর আহত হন।

পরে আব্দুর রহমানকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি রায়গঞ্জ পৌর এলাকার ফিরোজ আহমেদের ছেলে। আহত হাছান শেখ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, হত্যা মামলার প্রধান আসামি টিটুসহ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ছাড়া বক্তারা বলেন, রায়গঞ্জে মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত রায়গঞ্জ গড়তে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন