

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের বেলকুচিতে একটি নতুন পানির পাম্প ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। পানির পরিবর্তে পাইপলাইনে দেখা মিলেছে গ্যাস-সদৃশ পদার্থের, যা আগুন ধরাতেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে। রহস্যময় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বেলকুচি থানা সংলগ্ন মাজেম মিয়ার গড়ান এলাকায়।
স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পানির পাম্পের পাইপলাইনে পানির সঙ্গে অস্বাভাবিকভাবে বুদবুদ উঠতে দেখে তারা কৌতূহলবশত আগুন ধরিয়ে দেন। এরপরই পাইপলাইনে আগুন জ্বলতে শুরু করে, যা দেখে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
খবর পেয়ে পৌরসভার প্রকৌশলী, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক পরীক্ষায় পাইপলাইনে গ্যাস-সদৃশ পদার্থের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে।
শনিবার (১১ জুলাই) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির প্রতিনিধি দল প্রাথমিক পরীক্ষা করেছে। তবে এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায় তা নিশ্চিত হতে আরও বিস্তারিত পরীক্ষার প্রয়োজন। এজন্য বিষয়টি বাপেক্সকে জানানো হচ্ছে। তাদের বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ করবে।
নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট পানির পাম্পটির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।
উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম হিল্লোল বলেন, প্রাথমিকভাবে গ্যাসের অস্তিত্বের নমুনা মিলেছে। তবে চূড়ান্তভাবে কিছু বলতে হলে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। পুনরায় পরীক্ষা করে যদি একইভাবে আগুন জ্বলে, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বাপেক্সকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে, পানির পাইপে আগুন জ্বলার এমন ব্যতিক্রমী ঘটনায় স্থানীয়দের মধ্যে যেমন বিস্ময় তৈরি হয়েছে, তেমনি গ্যাসটির প্রকৃত উৎস কী সেই প্রশ্নের উত্তর জানতে সবার অপেক্ষা এখন বিশেষজ্ঞদের পরীক্ষার ফলাফলের দিকে।