

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী লেনে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার দিকে যাওয়ার পথে একটি বাসের পেছনে দ্রুতগতির অপর একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। দুর্ঘটনার পর সেতুর ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর সেতু কর্তৃপক্ষ রেকার এনে ক্ষতিগ্রস্ত যানবাহন সরানোর কাজ শুরু করে। যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে এক বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুর ওপর সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে ঈদযাত্রার ব্যস্ত সময়ে আকস্মিক এ দুর্ঘটনায় ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। দীর্ঘ যানজটের কারণে সেতুর দুই প্রান্তে আটকা পড়ে আছে অসংখ্য যানবাহন।