

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনায় সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কলেজছাত্র শাকিল হত্যা মামলার রহস্য ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি মো. রাকিব (২৫)-কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, বেশ কিছুদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে বাইক চালানোকে কেন্দ্র করে আসামি রাকিবের সঙ্গে ভুক্তভোগী শাকিল ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ঘটনার ৩-৪ দিন আগে একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে এজাহারভুক্ত আসামি সাব্বির (২৬)-এর সঙ্গে শাকিলের ঝগড়া শুরু হয়। এ সময় রাকিব ঘটনাস্থলে উপস্থিত হলে বিষয়টি নিয়ে আবারও শাকিল ও তার বন্ধুদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
ঈদের দিন সন্ধ্যায় ছোনগাছা বাজারে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় শাকিলের ভাই মো. রহমত উল্লাহ (২৬) থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আসামিকে আদালতে পাঠানোর পাশাপাশি অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ (সদর সার্কেল), সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেনসহ থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যা ৭টার দিকে ছোনগাছা বাজারের পাশে চামেলী মোড় এলাকায় মো. জহুরুল ইসলামের টং দোকানের সামনে পাকা রাস্তার ওপর রাকিব শাকিলকে ছুরিকাঘাত করে হত্যা করেন।