শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিএনপি-জামায়াত রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৩

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খালের দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাশিমাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজহারুল ইসলাম (৩৩), বিএনপি নেতা আশরাফ হোসেন (৬০), বিএনপি কর্মী কবির হোসেন (২৬), শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ (৩২), আরাফাত হোসেন (২৭), আক্তার হোসেন (২৬), নাজমা খাতুন (২২), মোমিন মোড়ল (৬৫) ও লায়লা বেগম (৬৫)। তাঁদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংক্রান্তির খালটি দীর্ঘদিন ধরে ইউপি সদস্য আজহারুল ইসলামের নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা খালে জাল ফেলে মাছ ধরা শুরু করেন। এ সময় আজহারুল ইসলামের পক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে রড, শাবল ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আবারও উত্তেজনা দেখা দেয়। এ সময় শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদকে মারধরের অভিযোগ ওঠে।

জামায়াত নেতা শাহিন হোসেন বলেন, সংক্রান্তির খালটির ইজারার মেয়াদ চৈত্র মাসে শেষ হয়েছে। নতুন করে ইজারা না পেলেও আজহারুল ইসলাম সেখানে মাছ চাষ চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার স্থানীয় দরিদ্র লোকজন মাছ ধরতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়।

তবে ইউপি সদস্য আজহারুল ইসলামের দাবি, তিনি পুনরায় ইজারার জন্য আবেদন করেছেন। খালে আগে থেকেই মাছ ছাড়া ছিল। মাছ ধরতে বাধা দিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা চালান।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, স্থানীয়ভাবে আজহারুল ইসলাম বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। তাঁর নিয়ন্ত্রণাধীন খালে মাছ ধরতে যাওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন বলেন, আহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সরকারি খালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন