শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ভূমিকম্পে ঘরবাড়ি ও স্থাপনায় ফাটল, আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম
ভূমিকম্পে ঘরবাড়ি ও স্থাপনায় ফাটল
expand
ভূমিকম্পে ঘরবাড়ি ও স্থাপনায় ফাটল

ভূমিকম্পে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বহু ঘরবাড়ি ও স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও মাটির ঘর আংশিক ধসে পড়েছে, আবার কোথাও ভবনের দেয়াল, ছাদ ও পিলারে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে গিয়ে অন্তত তিনজন আহত হয়েছেন।

উপজেলার রমজাননগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনাখালি এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জানান, ভূমিকম্পে তাঁর একমাত্র মাটির ঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের দেয়ালে বড় ধরনের ফাটল ও কিছু অংশ ধসে পড়ায় পরিবার নিয়ে চরম উদ্বেগে রয়েছেন তিনি।

শ্যামনগর পৌরসভার নূর কম্পিউটার মার্কেটের পাশে অবস্থিত তালাবদ্ধ আওয়ামী লীগ অফিসের ভবনে ফাটল দেখা গেছে। একই এলাকার আরও কয়েকটি ভবনেও ফাটল ধরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে, গাবুরা ইউনিয়নের হরিশখালি এলাকার একটি মসজিদে ফাটল সৃষ্টি হয়েছে এবং ভেতরের টাইলস খুলে পড়েছে। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নদীতীরবর্তী এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চুনকুড়ি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা আকবর হোসেন বলেন, ভূমিকম্পের সময় নদীর পানি অস্বাভাবিকভাবে ওপরে উঠে ঢেউ তুলছিল। তখন ভাটা থাকায় বড় কোনো ক্ষতি হয়নি। আমরা মসজিদে নামাজে ছিলাম, অনেকে ভয় পেয়ে বের হয়ে যায়। জীবনে এমন কম্পন আগে দেখিনি। কম্পনের সময় ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

নকিপুর বাজারের এক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী পলাশ সাহা বলেন, প্রথমে বুঝতে পারিনি। মনে হয়েছিল কেউ হয়তো ঠেলা দিচ্ছে। পরে দেখি ভবন কাঁপছে। তখন সবাই দৌড়ে বাইরে চলে আসি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত তিনজন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ভুরুলিয়া এলাকার নুর আলী মোড়লের স্ত্রী ফয়জুন্নেছা (৭৫) বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর দুইজন ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী এলাকার আরিফুল ইসলাম (১৮) এবং আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গী এলাকার গর্ভবতী নারী আঁখি আক্তার (২০) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন বলেন, ভূমিকম্পে আহত হয়ে তিনজন চিকিৎসা নিয়েছেন। একজন এখনো ভর্তি আছেন, বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক জানান, ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X