

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার কলারোয়ায় ইটবাহী ট্রলির চাপায় সজীব হোসেন (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সজীব বাইসাইকেলে করে নিজ গ্রাম আগুনপুর থেকে কলারোয়া সদরের বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে আলাইপুর খাঁপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইটবাহী ট্রলি তার বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হন।
স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
ছেলের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা অভিযোগ করেন, অবৈধ ও বেপরোয়া ট্রলির দৌরাত্ম্যে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, দ্রুতগতির ও নিয়ন্ত্রণহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
