সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জামায়াতের জনসভার ময়লা পরিষ্কার করলেন বিএনপি প্রার্থী ও কর্মীরা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
মাঠের  ময়লা পরিষ্কার করেছেন বিএনপি প্রার্থী ও কর্মীরা
expand
মাঠের ময়লা পরিষ্কার করেছেন বিএনপি প্রার্থী ও কর্মীরা

সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছেন বিএনপি নেতাকর্মীরা।

গতকাল শনিবার একই মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভার ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কার করেছেন দলটির মনোনীত প্রার্থী ও নেতা-কর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে ওই মাঠে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ হওয়ার পর মাঠজুড়ে খাবারের প্যাকেট, পলিথিন ও কাগজের টুকরোসহ নানা বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

আগামীকাল সোমবার একই মাঠে বিএনপির জনসভা হওয়ার কথা রয়েছে। তার আগেই আজ দুপুরে মনিরুজ্জামান নিজে ঝাড়ু হাতে নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিষ্কারে নামেন। প্রায় ঘণ্টাব্যাপী অভিযানে মাঠের সব বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়।

মাঠ পরিষ্কারের বিষয়ে মো. মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব।

আগামীকাল এখানে আমাদের পূর্বনির্ধারিত জনসভা রয়েছে। আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি সফল হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

আগামীকাল বিকেলের জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে।

দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনী উত্তেজনার মাঝে বিএনপির এই উদ্যোগ এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X