বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করার অভিযোগ ‘জামায়াত নেতার’ বিরুদ্ধে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে চাঁদা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আমিনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ক্রয়সূত্রে একটি জমির মালিক হন আমিনুল ইসলাম। পরে ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের এই কাজ চলাকালে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাতেন মিয়া।

ভুক্তভোগীর ভাষ্যমতে, গত সোমবার সকালে বাতেন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১১ জন দলবল নিয়ে নির্মাণস্থলে হাজির হন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, ‘বৈধভাবে সম্পত্তির মালিক হয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করছিলাম। দলীয় প্রভাব খাটিয়ে হত্যার হুমকি দিয়ে জামায়াত নেতা বাতেন মিয়া আমার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

স্থানীয় বাসিন্দা সীমা বেগম, রবিউল মিয়া ও রিপন মিয়াসহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাতেন মিয়া মুঠোফোনে বলেন, ‘আমার যা করণীয়, তা-ই করব, সেটা আপনাকে জানাব না।’ তবে পরে তিনি নিজেকে জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ভাই-বোনের জমি-সংক্রান্ত বিরোধ মেটাতে তারা সালিশে গিয়েছিলেন, যেখানে আমিনুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে তিনিও উত্তেজিত হয়ে ওঠেন। তবে বর্তমানে নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।

উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি নজরে এলে খতিয়ে দেখা হবে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup