

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ফালান মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিজের জীবনের বিনিময়ে সাত বছরের শিশু সন্তানকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিঃশব্দে পানিতে তলিয়ে যান এই বাবা।
নৌকাডুবির ১৮ ঘণ্টা পর সোমবার (১৭ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থলের নিকটবর্তী এলাকা থেকে ফালান মিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে ফালান মিয়া তার সাত বছরের ছেলেকে সঙ্গে নিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকায় বাজার থেকে সার কিনে বাড়ি ফিরছিলেন। পথে কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী '১৪ নম্বর বিল' এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি উল্টে হ্রদের পানিতে তলিয়ে যায়।
সন্তানকে বাঁচাতে ফালান মিয়া এক হাতে ছেলেকে শক্ত করে আঁকড়ে ধরে অলৌকিকভাবে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন। একপর্যায়ে দূর থেকে আরেকটি নৌকা এগিয়ে আসতে দেখে নিজের শেষ শক্তিটুকু দিয়ে সন্তানকে সেই নৌকার যাত্রীদের হাতে তুলে দেন তিনি। কিন্তু ক্লান্তিতে নিজেই আর ভেসে থাকতে না পেরে মুহূর্তের মধ্যে হ্রদের পানিতে তলিয়ে যান।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাশ জানান, খবর পেয়ে রোববার দুপুর থেকেই লংগদু ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকালে ঘটনাস্থলের কিছু দূর থেকে নিখোঁজ ফালান মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, সুরতহাল ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত বাবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


