

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাঙামাটির রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টার সময় এক তরুণকে আটক করেছে বিহার কর্তৃপক্ষ। পরে মুচলেকা নিয়ে ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা। আটকের সময় তাঁর পরনে ব্রাজিলের জার্সি ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহে (খাবার খাওয়া) ব্যস্ত ছিলেন। এ সুযোগে ওই তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে বিহারের উপাসক-উপাসিকারা বিষয়টি দেখে ফেলেন। এ সময় ওই তরুণকে হাতেনাতে আটক করেন তাঁরা।
রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা বলেন, আটকের পর ওই তরুণ তাঁর ভুল স্বীকার করেছেন। এরপর ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ কারণে লিখিত মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে দানবাক্স চুরির চেষ্টার ঘটনার পর বিহারটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।
