শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৪০ কোটি হাতকে দক্ষ জনসম্পদে রূপান্তরের আহ্বান এমপি মিলনের

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে পবা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল হক মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে নিছক জনসংখ্যা হিসেবে না দেখে দক্ষ জনসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার (১ মে)সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। ইতিহাস সাক্ষ্য দেয়, শ্রমিকরা নিজেদের অধিকার আদায়ে সংগ্রামের মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছে। শ্রমিকদের সঙ্গে রাষ্ট্রের সম্পৃক্ততা আরও জোরদার করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটিকে একটি জবাবদিহিতামূলক দায়িত্ব হিসেবে বিবেচনা করছে।

এর আগে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত -আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। তিনি বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শ্রমিকদের আরও উৎপাদনশীল করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও মিজানুর রহমান, বিএনপি নেতা আব্দুস সালাম, বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, জেকের আলী, শরিফুল ইসলাম শরিফ, দর্শনপাড়া বিএনপির সভাপতি আব্দুস সালাম মাস্টার এবং নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।

পরে বেলা ১১টায় নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস উপলক্ষে আরও একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিব। সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপদেষ্টা ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মপরিবেশ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন