

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশা উপজেলায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ভোটারদের নির্বিঘ্নে ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচনকালীন সময় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ভোটকেন্দ্রসমূহ রিমোট কন্টোলিং এর মাধ্যমে সরাসরি মনিটর করা হবে। ভোটকেন্দ্রের স্থাপনা ও ভেতরের পরিবেশে সংঘটিত যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যামেরায় ধারণ হবে এবং তা সংরক্ষিত থাকবে।
কর্তৃপক্ষ বলছে, সিসিটিভি নজরদারির ফলে দুষ্কৃতিকারীদের জন্য কঠোর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটাররা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে ভোট কার্যক্রমে অংশ নিতে পারবেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ১২ তারিখ নির্ধারিত দিনে ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, “ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পাংশা উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
স্থানীয় ভোটাররা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়বে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে।
পাংশা উপজেলা প্রশাসনের এই উদ্যোগে সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
