মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে হামলা
expand
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে হামলা

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বাড়িতে গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার খবর পাওয়া গেছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমিন হাজির বাড়িতে এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক শেষ প্রহরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ৭নং ওয়ার্ড সহ-সভাপতি বেলায়েত সেলিমের বসতঘরে চড়াও হয়।

হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে লোহার রড ও দা দিয়ে ঘরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে।

একপর্যায়ে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়দের উপস্থিতিতে পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​বেলায়েত সেলিম দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ওই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং বর্তমানে দলটির সক্রিয় নেতা হিসেবে স্থানীয় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন।

​স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানের কারণেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, হামলার বিষয়টি জানার পরপরই পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X