

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়ায় স্থানীয় একটি বিএনপি কার্যালয়ে গভীর রাতে তালা ভেঙে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল ও ভাঙচুর হওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আলম বাজারে অবস্থিত ওই বিএনপি কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভেতরে ব্যাপক তাণ্ডব চালায়। কার্যালয়ে থাকা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিগুলো দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। কার্যালয়ে ভাঙচুরের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি ভাঙা তালা এবং লাল কসটেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, ‘রাতে আমরা ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

