

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়ায় বিপুল পরিমাণ অবৈধ মাছের রেণু ও চারা পোনা পাচারকালে সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে নেছারাবাদ কোস্টগার্ডের একটি দল উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান তল্লাশি করে প্রায় সাড়ে ১২ মণ ওজনের ২ লাখ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেণু জব্দ করা হয়। অবৈধভাবে পাচার করা এসব রেণু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
পরে দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাচারের সাথে জড়িত থাকার অপরাধে আটক ৭ জনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, দাকোপা গ্রামের অহিদুজ্জামানের দুই ছেলে মো. রেজওয়ান (৩৮) ও মো. রেদওয়ান (২৮), দেলোটি পাইকগাছা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মুস্তাঈন (৩৫), দাকোপার গড়খালী বটবুনিয়া গ্রামের মো. ইদ্রিস গাজীর ছেলে মো. জাকির গাজী (৪১), গড়কালী গ্রামের মো. মোকসেদ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৫৮), পাইকপাড়া দেলোটি গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. তুহিন শেখ (২৬) এবং একই এলাকার মো. হাফিজুল ইসলামের ছেলে মো. পলাশ (৪০)।
এই অভিযানে মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। নেছারাবাদ কোস্টগার্ডের পেটি অফিসার শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের ইতোমধ্যেই জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেণু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।