

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় বর্তমান উপজেলা কমিটি এবং সাবেক নেতাদের অনুসারীরা পৃথক কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিকে কেন্দ্র করে আগের দিন থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দুই পক্ষ পৃথক মিছিল বের করলে পৌর শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মিছিল দুটি কালীবাড়ি ও বটতলা এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অল্প কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


