মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইকে বহিষ্কারের দাবি জানালেন এমপি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, গ্রুপিং এবং তাঁর চাচাতো ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আরএমএমপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি তাঁর চাচাতো ছোট ভাই জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

বক্তব্যে তিনি দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাহাঙ্গীর আলমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় অন্য দলের স্বার্থে কাজ করার অভিযোগ তোলেন।

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, যারা ধানের শীষে ভোট করবে না, অথচ বিএনপির নাম মুখে নেবে, তা আমরা বরদাস্ত করব না।

বিগত ছয় মাস ধরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় তিনি বলেন, যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনো প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না।

তিনি জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।

ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি বাবুল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গিয়ে বলেছিল, ‘আমি তাকে হারানোর জন্য রাজনীতি করি।’ একবার সে জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেয়, আবার কখনো জামায়াতের সঙ্গে জোট বাঁধে। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত।

নির্বাচনী এলাকার কিছু নেতাকর্মী তাঁর ছবি বাদ দিয়ে ব্যানার-পোস্টার সাঁটানো এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এমপিকে বাইপাস করে রাজনৈতিক সফলতা পাওয়ার স্বপ্ন দেখা আস্পর্ধা ছাড়া কিছুই নয়।

বক্তব্যের শেষভাগে তিনি আদিতমারী-কালীগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যারা এ অঞ্চলের উন্নয়ন আটকে দিতে এবং চক্রান্ত করতে চায়, তাদের প্রতিহত না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

সমাবেশে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, বিএনপির উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম সকালে উপজেলার প্রাণকেন্দ্র তুষভান্ডার বাজার হয়ে একটি র‌্যালি বের করেন। এতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে জাহাঙ্গীর আলম বলেন, কালীগঞ্জে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র কখনোই করতে দেওয়া হবে না। প্রকৃত বিএনপির নেতাকর্মীরা আজ অবহেলিত হচ্ছেন। কখনোই তা বরদাস্ত করা হবে না। শেখ হাসিনাকে সরাতে ১৮ বছর লেগেছে, আমরাও রাজপথে ছিলাম। সেভাবেই এই ষড়যন্ত্রকারীদের সরিয়ে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank