বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নুরুল হক নুরকে শোকজ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
নুরুল হক নুর
expand
নুরুল হক নুর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এ নোটিশ দেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পটুয়াখালীর দশমিনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয় থেকে নোটিশটি জারি করা হয়।

এতে স্বাক্ষর করেন কমিটির সদস্য ও সিভিল জজ সাব্বির মো. খালিদ।

নোটিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট এনামুল হকের করা অভিযোগের ভিত্তিতে নুরুল হক নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।

এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর ১৫(ক) এবং ১৬(গ) ও (ছ) ধারা লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়।

এ ছাড়া অভিযোগে বলা হয়, গত ২৬ জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে নুরুল হক নূরের অনুসারী কর্মী-সমর্থকেরা ভাঙচুর চালান।

এ ঘটনায় তাঁর কয়েকজন সমর্থক আহত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটিকে আচরণবিধিমালার ৬(ক) ধারার পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে কমিটি।

নোটিশে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে নোটিশটি দ্রুত জারি করে জারী প্রতিবেদন আদালতে পাঠানোর জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে নুরুল হক নুরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নেতা জানান, নোটিশ পাওয়ার পর বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Austria VS Jordan
90'+5'
2 - 1
21' Romano Schmid
76' Yazan Al-Arab
50' Ali Olwan
World Cup