রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না: আ. লীগকে জাহিদ হোসেন

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

আওয়ামী লীগের উদ্দেশে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।’

রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, ‘যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে, তাদের প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।’

তিনি বলেন, আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে। দেশের মানুষ এখন সচেতন। স্বৈরাচারের দোসরেরা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা উসকানির মাধ্যমে ‘মব কালচার’ তৈরি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।

এর আগে বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভায় ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে হট্টগোল হয়।

মন্ত্রী বলেন, ‘বিএনপি এ দেশের মানুষের সঙ্গে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সব সময় মাঠে ছিল। আমাদের শত শত নেতা-কর্মীকে গুম করা হয়েছে। লাখ লাখ নেতা-কর্মীকে জেলে পোরা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরও বিএনপির নেতা-কর্মীদের মনোবল একটুও তলানিতে ঠেকেনি এবং দলের প্রতি আনুগত্যে কোনো কমতি দেখাননি।’

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank