সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যে ভোট চুরি করতে আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
সারজিস আলম
expand
সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক ও জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন; কিন্তু একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করতে আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌর শহরের জালাসী এলাকায় নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশনসহ সবাইকে বলতে চাই- ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোন ধরনের নীলনকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে। তার গলায় জুতার মালা ছিল, আপনার (প্রধান নির্বাচন কমিশনার) গলায় কোন মালা থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না।

উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সারজিস বলেন, পঞ্চগড় নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা পঞ্চগড় পৌরসভাকে এই মুহূর্তে দেশের সবচেয়ে অনুন্নত পৌরসভা হিসেবে দেখছি। ইনশাআল্লাহ আগামী ৫ বছরের মধ্যে পঞ্চগড় পৌরসভা হবে দেশের সবচেয়ে উন্নত পৌরসভা। তেঁতুলিয়া এবং আটোয়ারীকে পৌরসভায় রূপান্তর করার জন্য আগামী ৫ বছরের মধ্যে যা যা পদক্ষেপ নেওয়া লাগে আমরা নিব। পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতাল এবং পঞ্চগড় হাসপাতাল একটি পূর্ণাঙ্গ ২৫০ শয্যা বিশিষ্ট আইসিইউ সম্বলিত হাসপাতাল হবে। পঞ্চগড়ে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় আমাদের মনের স্বপ্ন, হৃদয়ের স্বপ্ন- এগুলো বাস্তবায়ন করবোই। শহরের দুর্ভোগ কমাতে শহরের বাইরে বাইপাস সড়ক করবো। আপনারা যদি চেষ্টা করেন, আল্লাহ কবুল করলে এই বছরেই সেই বাইপাসের বিল পাস করিয়ে কাজ শুরু করব। পঞ্চগড় চিনিকল আমাদের সময়েই চালু করব এবং ১০ হাজার কর্মসংস্থানসহ শিল্প কারখানা করব।

তিনি বলেন, আমাদের শ্রমিক ভাইদের শুধু ব্যবহার করা হয়, তাদের ভোটগুলো ২০০-৫০০ টাকা দিয়ে কেনা হয়, পরের পাঁচ বছর তাদেরকে দাস বানিয়ে রাখা হয়। আমরা কথা দিচ্ছি শ্রমিক ভাইদের পরবর্তী প্রজন্মকে আর শ্রমিক হতে হবে না। আপনাদের সন্তানও ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে। আমরা শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন করব। যেটা শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা এবং যখন তাদের কাজ থাকবেনা তখনও যেন উপার্জনের একটা ব্যবস্থা থাকে।

সারজিস বলেন, বিএনপির আমলে আমার কৃষক ভাইদের সার নিতে গিয়ে গুলি খেয়ে মরতে হয়েছে। পঞ্চগড়ের কৃষক ভাই যারা আছেন, যাদের সার, কীটনাশক প্রয়োজন, যারা ফসল ভালোভাবে বিক্রি করতে চান, যারা চা চাষি রয়েছেন- আমাদের ওয়াদা- পঞ্চগড়ে কোন রক্তচোষা সিন্ডিকেটকে দাঁড়াতে দিব না।

সারজিস আলম আরো বলেন, আমরা এই পঞ্চগড়ের প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ছাড়বো। পঞ্চগড়কে একটি পর্যটন শিল্প হিসেবে তৈরি করবো। পঞ্চগড়ের প্রত্যেকটি মানুষ সম্মান নিয়ে যেন বাঁচতে পারে আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করবো। এই নির্বাচনে বিএনপি যদি পরাজিতও হয়, তাদের নেতাকর্মীরা যদি অপরাধ না করে, তাহলে তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবে। জেলা এনসিপির আহ্বায়ক এবিএম জুলফিকার আলী নয়নের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন, পঞ্চগড় শহর জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মুহিব প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন