

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী পৌর বণিক সমিতির বহুল কাঙ্ক্ষিত নির্বাচন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে প্রধানত দুটি প্যানেল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে- আপেল-রায়হান প্যানেল এবং তাজুল-মুকুল পরিষদ। সমিতির মোট ১৯টি পদের মধ্যে ইতোমধ্যে আপেল-রায়হান প্যানেলের ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
ফলে আজ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অবশিষ্ট ৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব পদে মোট ১৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন।
নির্বাচনে নোয়াখালী পৌর এলাকার প্রায় ২ হাজার ৮৯ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পদভিত্তিক প্রার্থী তালিকায় সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সহ-সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সোনাইমুড়ী উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে।
তিনি জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুবিধার্থে ৯টি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে মোট ২৭ জন নির্বাচনী কর্মকর্তা ভোটগ্রহণের কাজে নিয়োজিত রয়েছেন। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
দীর্ঘ দুই দশক পর পছন্দের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।



