

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাবা-মায়ের স্নেহছায়া নেই। জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছে মেধাবী শিক্ষার্থী তাসফিয়া আক্তার। অভাব-অনটন ও নানা সীমাবদ্ধতার মধ্যেও থেমে থাকেনি তার স্বপ্নযাত্রা। চাচার আশ্রয় ও সামান্য সহযোগিতায় পড়াশোনা চালিয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে সে।
তাসফিয়ার এই সাফল্য শুধু তার নিজের নয়, এটি গর্বের রেহানিয়া উচ্চ বিদ্যালয়েরও। বিদ্যালয়টির প্রতিষ্ঠার ৩১ বছরের ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
মেধাবী তাসফিয়ার স্বপ্ন, ভবিষ্যতে সে বিসিএস ক্যাডার হবে। দেশের মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় এই অদম্য শিক্ষার্থী।
তাসফিয়ার এই স্বপ্নযাত্রায় পাশে দাঁড়িয়েছে হাতিয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, তাসফিয়ার পড়াশোনা যাতে অর্থের অভাবে থেমে না যায়, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কলেজে ভর্তি ও ড্রেস কেনার জন্য আর্থিক সহায়তা, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা, সরকারের অনগ্রসর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা এবং বিনামূল্যে বই প্রদান করা হবে। পাশাপাশি পরবর্তী দুই বছর অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাস বলেন, “তাসফিয়ার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের ৩১ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তাসফিয়া যে ফলাফল করেছে, তা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
তাসফিয়ার মতো অদম্য মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল মানুষ এগিয়ে এলে তাদের স্বপ্ন পূরণের পথ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাথা উঁচু করে সমাজে বাঁচুক অদম্য এই মেধাবী। স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক তাসফিয়া আক্তার।

