মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় জলবায়ুজনিত জেন্ডার সহিংসতা ঝুঁকি হ্রাসে কর্মসূচি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি বাড়ার ফলে নারীরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে তাপপ্রবাহের সময় গৃহস্থালি কাজ ও রান্নার কারণে অতিরিক্ত তাপের মুখোমুখি হয়ে নারীরা স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতার (জিবিভি) ঝুঁকিতেও পড়ছেন। এ প্রেক্ষাপটে নোয়াখালীর হাতিয়ায় “মর্যাদার সাথে সহনশীলতা” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) হাতিয়ার আম্বিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১৫টি পল্লী মাতৃকেন্দ্রের (আরএমসি) সভানেত্রীসহ প্রায় ১০০ জন সদস্য এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন করে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)-এর সহযোগিতায় অ্যাকশনএইড বাংলাদেশ ও ইউএনএফপিএ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা শাখা) মোহাম্মদ আবদুর রহমান এবং ইউএনএফপিএ’র জিবিভি ইন ইমার্জেন্সি অফিসার সামসাদ খান। কর্মসূচি পরিচালনা করেন প্রাণ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা পপি।

বক্তারা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো উপকূলীয় এলাকা হাতিয়াতেও তাপপ্রবাহের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, যা নারীদের জন্য দ্বিগুণ ঝুঁকি তৈরি করছে—একদিকে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে সহিংসতার আশঙ্কা। এ পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলা জরুরি।

তারা আরও বলেন, তাপপ্রবাহ মোকাবিলায় পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিশ্রাম, হালকা ও আরামদায়ক পোশাক ব্যবহার এবং কাজের সময়সূচি সামঞ্জস্য করা প্রয়োজন। পাশাপাশি জিবিভি রেফারেল পথওয়ে সম্পর্কে ধারণা রাখা এবং প্রয়োজনে দ্রুত সহায়তা নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে তাপপ্রবাহ থেকে সুরক্ষার জন্য হাতপাখা, গামছা এবং জিবিভি রেফারেল পথওয়ে সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া পল্লী মাতৃকেন্দ্রগুলোর কার্যক্রম আরও জোরদার করতে ১৫টি আরএমসি’র সভানেত্রীদের মধ্যে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতা ও প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এসব সহায়ক উপকরণ পল্লী মাতৃকেন্দ্রগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নারীদের ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন