

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটের আগে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি ছেড়ে এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন দলটির দুই শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জাহাজমারা ইউনিয়নের সাদকানের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ।
যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন. হাতিয়া উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন জনু মেম্বার। চানন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন। সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফয়সাল পায়েল। বুড়িরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোহেল। জাহাজমারা ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. নাহিদ। জাহাজমারা ইউনিয়ন তাঁতী দলের ক্রীড়া সম্পাদক রুবেল এবং ৫ নম্বর ওয়ার্ড সভাপতি নিসান উদ্দিন। এছাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের আরও প্রায় ২০০ সক্রিয় কর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।
নতুন কর্মীদের স্বাগত জানিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন- "আমরা সবাই মিলে একটি সুন্দর হাতিয়া গড়ে তুলবো। বিগত সময়ে আপনারা একটি বড় দলে থেকেও যোগ্য সম্মান পাননি। আমি আপনাদের অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেব না, তবে এটুকু বলতে পারি—আপনারা যথাযথ সম্মান ও মূল্যায়ন পাবেন।"
তিনি আরও দাবি করেন, গত কয়েক দিনে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসীদের জন্য এনসিপির দুয়ার সব সময় খোলা বলেও জানান তিনি।
এনসিপিতে সদ্য যোগদানকারী নেতা জয়নাল আবেদিন জনু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় ১১ দলীয় জোটের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। বৈঠকে বক্তারা হাতিয়ার উন্নয়নে হান্নান মাসউদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
মন্তব্য করুন
