সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় তারেক রহমানের ভার্চুয়াল জনসভা আজ, ব্যাপক প্রস্তুতি

​ নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম
মাঠের এক প্রান্তে দৃষ্টিনন্দন স্টেজ ও প্যান্ডেল নির্মাণ
expand
মাঠের এক প্রান্তে দৃষ্টিনন্দন স্টেজ ও প্যান্ডেল নির্মাণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল জনসভাকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলের এই জনসভাকে সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় নেতাকর্মীরা।

​হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

বিশাল এই আয়োজনের জন্য মাঠের এক প্রান্তে দৃষ্টিনন্দন স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে

​তারেক রহমানের আগমনী বার্তায় গত কয়েকদিন ধরে হাতিয়ার পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী আমেজ। উপজেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

​নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সাহেদ মেম্বার জানান, "তারেক রহমানের কথা শোনার জন্য নিঝুমদ্বীপ থেকেই কয়েক হাজার মানুষ যাওয়ার প্রস্তুতি নিয়েছে।

৫টি ট্রলার ও বেশ কিছু মালবাহী গাড়ি ভাড়া করা হয়েছে সাধারণ সমর্থকদের যাতায়াতের জন্য।" একইভাবে হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে নেতাকর্মীদের আসার জন্য দুটি সি-ট্রাক, বড় ট্রলার এবং স্পিডবোটের ব্যবস্থা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

​বিশাল এই জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা যুবদল। সদস্য সচিব ফাহিম উদ্দিন জানান, জনসভার শৃঙ্খলা রক্ষায় ২০০-এর অধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

মাঠে প্রবেশ ও বের হওয়ার জন্য তৈরি করা হয়েছে আলাদা পথ। নির্বাচনকে সামনে রেখে জনসভায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিএনপি নেতাদের মতে, দীর্ঘ সময় পর তারেক রহমানের এই ভাষণ তৃণমূলের কর্মীদের মাঝে নতুন প্রাণসঞ্চার করবে এবং আসন্ন নির্বাচনের আগে দলীয় শক্তি প্রদর্শনের বড় মাধ্যম হয়ে উঠবে।

জনসভায় উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী মাহবুবের রহমান, জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X