

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় হামলা ও ব্যাপক ভাংচুরের অভিযোগ উঠেছে। এ সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপির এক সদস্যকে কুপিয়ে আহত করারও চেষ্টা চালানো হয়।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এই হামলার ঘটনা ঘটে।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলুর পক্ষে একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সভা চলছিল। স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী এতে যোগ দেন।
সভার বর্ণনা দিতে গিয়ে একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, "বিকেল ৪টার দিকে হঠাৎ ৫০ থেকে ৬০ জন যুবক মুখোশ পরে এসে হামলা চালায়। একপর্যায়ে তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে।"
হামলাকারীরা সভাস্থলে থাকা প্রায় পাঁচ শতাধিক চেয়ার এবং মঞ্চ সম্পূর্ণরূপে ভাংচুর করে এলাকা ত্যাগ করে। যাওয়ার সময় তারা হুমকি দেয় যে 'এখানে কোনো সভা করা যাবে না'।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা এডভোকেট আব্দুর রহিম চুন্নু সরাসরি অভিযোগ করে বলেন, "হামলাকারীরা ছিল নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য। আমি তাদের কয়েকজনকে আদালত প্রাঙ্গণেও আগে দেখেছি। "তিনি আরও অভিযোগ করেন, তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হলেও তারা ঘটনাস্থলে আসেনি।
হামলা-ভাংচুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, "নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে একটি গণ্ডগোল হয়েছে বলে আমি শুনেছি। এর বেশি কিছু আমি জানি না।"
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
