সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:৩৮ এএম
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে
expand
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে

চাঁপাইনবাবগঞ্জে সালিস চলাকালীন সময়ে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী ও তাদের সহকারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৭ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, মারামারির ঘটনা চলমান অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হলে স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষারকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে আইনজীবী ও তাদের সহকারীদের বিরুদ্ধে। এসময় তুষারের আইডি কার্ড কেড়ে হেনস্তা ও মারধর করা হয়। এমনকি ঘটনাস্থলে গেলে মুঠোফোন কেড়ে নিয়ে লাঞ্চিত করা হয় পুলিশের বিশেষ শাখার এক সদস্যকেও।

জানা গেছে, একটি বিরোধ নিষ্পত্তি নিয়ে সালিস চলছিল আইনজীবী সমিতির মধ্যে। এসময় বিরোধের জেরে মারামারিতে জড়িয়ে পড়ে দুইটি পক্ষ। এসময় লাঠি ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। ঘটনা চলাকালীন অবস্থায় যাওয়ার পর ভিডিও ধারন করতে নিষেধ করলে ঘটনাস্থল ত্যাগ করেন সাংবাদিক তুষার। পরে তাকে আইনজীবী সমিতির সামনে থেকে টেনে হিঁচড়ে দো’তালায় নিয়ে গিয়ে হেনস্তা ও লাঞ্চিত করা হয়।

পরে কোর্ট পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কয়েকজন সাংবাদিক অবরুদ্ধ তুষারকে নিতে গিয়েও হেনস্তার শিকার হন।

এ বিষয়ে মাহমুদুল হাসান তুষার বলেন, উপরে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে আমার মুঠোফোন ও আইডি কার্ড কেড়ে নেয়া হয়। এসময় আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। পরে কয়েকজন সিনিয়র সাংবাদিক আমাকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে মোবাইল ও কার্ড ফেরত দেয়া হয়। এসময় আমাকে নিতে আসা সিনিয়র সাংবাদিকদেরকেও অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি-ভয়ভীতি দেখান কয়েকজন আইনজীবী ও তাদের সহকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোন পক্ষই মামলা করেনি। মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন