

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং দুইজনকে থানা হেফাজতে নিয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে নির্বাচনে পক্ষপাতের অভিযোগ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি এবং সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হন। তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ লোকজন দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একটি চালের দোকান থেকে দেশীয় চাইনিজ কুড়াল, দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
