শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের আগের বাংলাদেশে ফেরার প্রশ্নই নেই: পুতুল

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল
expand
বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, শুধু ধানের শীষে ভোট দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগোচ্ছি, তা বাস্তবায়নে সবাইকে সচেতন ও সক্রিয় থাকতে হবে। তিনি বলেন, আমরা কেউই আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরে যেতে চাই না।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, লালপুর ও বাগাতিপাড়ায় অবকাঠামোগত সমস্যা থাকলেও দেশের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে গত দেড় দশকে মানবিকতা ধ্বংসের মাধ্যমে। সমাজে পরিকল্পিতভাবে ঘৃণা, হিংসা ও বৈষম্যের রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। কখনো ধর্মের নামে, কখনো দলীয় বিভাজনের মাধ্যমে মানুষকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও গত ১৭ বছরে বহু বিএনপি নেতাকর্মীর সন্তান চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে এমন বৈষম্যের রাজনীতি চলবে না বলেও তিনি আশ্বস্ত করেন। বরং অতীতে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা পটপরিবর্তনের পরও প্রতিশোধের পথে হাঁটেননি—এটাই বিএনপির রাজনীতির বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন তিনি।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে পুতুল বলেন, গত দুই দশকে লালপুর–বাগাতিপাড়ায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম কার্যত থমকে গেছে। একটি পরিবর্তিত ও উন্নয়নমুখী বাগাতিপাড়া গড়তে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনী কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ ব্যক্তিস্বার্থে দল ছেড়ে ভিন্ন পথে গেলেও তাতে আপত্তি নেই; তবে ধানের শীষের সমর্থকদের বিপথগামী করার চেষ্টা করলে জনগণই তার জবাব দেবে।

দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন