

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী একটি দেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো দেশ যদি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
শনিবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশটি প্রকাশ্যে ১১ দলীয় জোটের বিপক্ষে অবস্থান নিয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে। এ ধরনের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানেরই ধারাবাহিকতা। জুলাই গণঅভ্যুত্থানের কারণেই আজ দেশ একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারছে। তিনি আরও বলেন, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করা এবং শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সমাবেশে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন
