শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র করে জামায়াতের বিজয় আটকানো হয়েছে: রফিকুল ইসলাম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ এএম
মাওলানা রফিকুল ইসলাম খান
expand
মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে। কিন্তু সেই ভোট বিভিন্নভাবে এদিক-সেদিক করা হয়েছে। তারপরও জামায়াতের নেতৃত্বে যে জোট গঠন করা হয়েছে, তারা ৭৭টি আসন পেয়েছে। এই আসন প্রাপ্তির মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বাংলাদেশে ইসলামপন্থী একটি বড় শক্তি রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেতবাড়ী গ্রামে জামায়াত আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেন, এবার নানা ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের বিজয় আটকে দেওয়া হয়েছে। কিন্তু দেশের মানুষ বলছে, ষড়যন্ত্র করে এবার হয়তো জামায়াতকে আটকানো গেছে, ভবিষ্যতে আর আটকানো যাবে না। আগামী দিনের জন্য আমি খুবই আশাবাদী। কারণ আজকের এই আলোচনা সভায় দেখুন, বয়স্কদের তুলনায় শিশু-কিশোরদের উপস্থিতিই বেশি। এই শিশু-কিশোররাই আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে জীবন দিয়ে লড়াই করবে। তাই আগামী দিনে বাংলাদেশে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী। এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী এবং পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন