বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বিএনপি প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম
নির্বাচনী জনসভা
expand
নির্বাচনী জনসভা

নাটোরের লালপুরে এক নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না—এ মর্মে মুচলেকাও দিয়েছেন তিনি।

গত শনিবার (২৪ জানুয়ারি) লালপুর উপজেলার আজিমনগর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন জানান, শনিবার বিকেলে আজিমনগর রেলস্টেশনসংলগ্ন কড়ইতলায় অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় তার এক সমর্থক নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তিনি ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না বলে লিখিত অঙ্গীকার করেছেন।

এ বিষয়ে কথা বলতে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের করা ওই মন্তব্য আমাদের নজরে এসেছে। দলীয় একজন সদস্য হয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X