

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর বেলাবোতে মাদক কারবারিদের সঙ্গে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ ৪ জন স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নিয়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
আটককৃতরা হলেন, বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাব মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সাথে পুলিশ কনস্টেবল সামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন।
ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটক সামসুল ইসলাম বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, এর আগে ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে এক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদীর বেলাব থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল।


