বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইত্যাদি’র শুটিং স্পট থেকে চুরি শতাধিক দর্শকের মোবাইল ফোন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-এর শুটিং চলাকালে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে প্রবেশ গেটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পাসধারী নারী ও শিশুসহ হাজারো দর্শককে তীব্র ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করতে হয়।

এই বিশৃঙ্খলার সুযোগে সংঘবদ্ধ একটি পকেটমার চক্র দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পুলিশ সদস্যও কার্যকর ভূমিকা রাখতে পারেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার ব্যবস্থা থাকলেও পাস ছাড়া আরও কয়েক হাজার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে এবং প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এতে পুরো এলাকায় হুড়োহুড়ি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত সাতজন কর্মরত সাংবাদিকের দামি স্মার্টফোন চুরি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ইনডিপেনডেন্ট টেলিভিশন , দীপ্ত টিভি, দৈনিক আমার দেশ, ভোরের ডাক, প্রতিদিনের সংবাদ ও ইভিনিং নিউজের সাংবাদিকরা রয়েছেন।

ঘটনার পর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শত শত পাসধারী আমন্ত্রিত অতিথি। অনেকে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই স্থান ত্যাগ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন