

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে স্বাধীন (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত স্বাধীন বন্দর উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাসিন্দা মো. বাদল মিয়ার ছেলে। তিনি একই এলাকার মো. সেলিম মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন এবং নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকার রাজ অ্যাপারেলসে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ছুটির দিনে ছোট ভাই শাহিদকে (৯) সঙ্গে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন স্বাধীন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গেলে শাহিদ চিৎকার শুরু করে। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের মামা মো. জাকির হোসেন বলেন, স্বাধীন সামান্য সাঁতার জানতেন। গোসলের সময় নদীর স্রোতে পড়ে তিনি তলিয়ে যান বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।