

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুইজন ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।
মৃত জিলানী চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দুইজনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম জানান, নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মোটরসাইকেল ও নাসিকের বর্জ্যবাহী ট্রাকটি একইদিকে যাচ্ছিলো। দুইজনই ট্রাকের চাকার সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, ‘কেউ বলছেন, ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে আবার কেউ বলছেন পাশাপাশি যাবার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ট্রাকটি পেলেও চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে নাসিকের প্রশাসকও এসেছিলেন। আমাদের তদন্ত চলমান রয়েছে।’
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।