সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপী মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে কৌতূহল, দর্শনার্থীদের ভিড়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:৫৩ এএম
গোলাপি রঙের মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’
expand
গোলাপি রঙের মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর বাজারে প্রতি বছরই দেখা যায় নানা বৈচিত্র্য। তবে এবারের চিত্রটা যেন একটু ভিন্ন।

বিশাল আকৃতির গরু বা দামি ছাগল নয়, নারায়ণগঞ্জে মানুষের কৌতূহলের কেন্দ্রে উঠে এসেছে এক মহিষ। ধবধবে সাদা গায়ে গোলাপি আভা, আর মাথার সামনে ঘন লম্বা চুল- আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে তার কিছুটা সামঞ্জস্য থাকায় পশুটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নামের অদ্ভুতত্ব আর চেহারার ব্যতিক্রম- দুইয়ে মিলেই এটি এখন শহরের আলোচনার বিষয়।

যদিও কোরবানির জন্য প্রস্তুত করা পশুটি আর হাটে উঠছে না। ইতোমধ্যে ঢাকার একজন বাসিন্দা মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। তবে এখনো পশুটি রয়েছে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’।

এ ফার্মে গেলেই চোখে পড়ে মহিষটি দেখতে আশেপাশের মানুষের ভিড়। অন্য পশুগুলোর দিকে তেমন নজর না দিয়ে দর্শনার্থীরা ভিড় করছেন এই এক মহিষকে ঘিরেই।

কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কাছে গিয়ে স্পর্শ করে দেখার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আগ্রহ যেন কয়েকগুণ বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, অনলাইনে দেখে আগ্রহ হয়েছিল। সামনে থেকে দেখে মনে হলো, সত্যিই আলাদা কিছু। বিশেষ করে মাথার চুল আর চোখের কারণে নামটা একেবারে মানিয়ে গেছে।

খামার কর্তৃপক্ষ জানায়, প্রায় সাড়ে তিন বছর বয়সী এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। এটি এলবিনো প্রজাতির হওয়ায় শরীরে মেলানিনের ঘাটতির কারণে এমন সাদা-গোলাপি রঙের সৃষ্টি হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এটি কোনো বিরল প্রজাতি নয়। এলবিনো হওয়ার কারণে এমন রঙ হয়েছে, যা প্রাকৃতিকভাবেই ঘটে।

খামারের স্বত্বাধিকারী জিয়া উদ্দিন মৃধা জানান, মাথার সামনের চুলের স্টাইল দেখে আমার ছোট ভাই মজা করে এর নাম দেয় ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই নামটি ছড়িয়ে পড়ে। মানুষ কৌতূহলবশত দেখতে আসতে শুরু করে।

তিনি আরও জানান, আলোচনায় আসার আগেই মহিষটি বিক্রি হয়ে গেছে। ঢাকার এক ক্রেতা লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মোট প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় এটি কিনেছেন। ঈদের আগে সেটি ক্রেতার কাছে হস্তান্তর করা হবে।

খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, মহিষটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। পাশাপাশি নিয়মিত গোসল ও পরিচর্যার মাধ্যমে সুস্থ রাখা হয়।

খামার সূত্রে জানা যায়, এবারের কোরবানির জন্য ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছে, যার বেশিরভাগই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে দর্শনার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে এই এক মহিষই।

খামার মালিকের ভাষায়, আগে কোরবানির সময় মানুষ একে অপরের বাড়িতে গিয়ে পশু দেখত, একটা উৎসবের আবহ থাকত। এখন সেটা কমে গেছে। তবে এই মহিষটিকে ঘিরে আবার সেই আনন্দ কিছুটা ফিরে এসেছে।

সব মিলিয়ে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি এখন শুধু একটি কোরবানির পশু নয়-এটি যেন নারায়ণগঞ্জের ঈদবাজারের এক ব্যতিক্রমী গল্প, যা কৌতূহল, বিনোদন আর উৎসবের আবহকে একসঙ্গে বেঁধেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup