

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনে এক অন্তঃস্বত্ত্বা নারী দগ্ধ হয়েছেন। দগ্ধ নারীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদমজী ইপিজেড এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ডি-১ টাইপ নামে ছয় তলা ভবনের নিচতলায় হঠাৎ বিকট শব্দে গ্যাসের রাইজারে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভবনটির পাঁচ তলা পর্যন্ত উঠে যায়।
এসময় চতুর্থ তলায় বসবাসরত বেপজার নিরাপত্তা কর্মী ওসমান মিয়ার ঘরে আগুন লেগে সব আসবাবপত্র পুড়ে যায়। আগুনে ওসমান মিয়ার আট মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রেহানা আক্তার মারাত্বকভাবে দগ্ধ হন।
পরে ভবনের অন্যান্য বাসিন্দারা গুরুতর অবস্থায় দগ্ধ রেহানাকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক বলেও জানান তারা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দু'টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।'
তিনি আরও বলেন, ‘আগুনে অন্তঃসত্ত্বা এক নারী দগ্ধ হয়েছেন। তবে স্থানীয়রা তাকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেছে বলে জানতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
মন্তব্য করুন
