বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ‘ইমাম মাহদি’ দাবি, একদিন পরই ভুল স্বীকার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
ফাইল ছবি
expand

নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করে মুন্সীগঞ্জে আলোচনার জন্ম দেওয়া আনিস চৌধুরী ওরফে আনিস মিয়া একদিনের মাথায় নিজের বক্তব্যকে ভুল বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

বুধবার বিকেলে মিরকাদীমে বাবা আদম শহীদ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে এমন দাবি করেন তিনি।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই তার বাড়িতে ভিড় করেন সংবাদকর্মী ও উৎসুক মানুষ।

আনিস চৌধুরী মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুকুরপাড়া ডিপটি বাড়ি এলাকার মৃত লুতফর জামান চৌধুরী খোকার ছেলে। তিনি জুলাই আন্দোলনে নিহত মিরকাদীমের শহীদ শাহরিক চৌধুরী মানিক মিয়ার বাবা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাবা আদম শহীদ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে আনিস মিয়া স্থানীয় দুটি গণমাধ্যমের সামনে নিজেকে ‘ইমাম মাহদি’ বলে দাবি করেন। তার এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর মুন্সীগঞ্জজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে দেখা যায়, উৎসুক মানুষজন সেখানে জড়ো হয়েছেন। অনেকেই তার কাছে ‘ইমাম মাহদি’ দাবি করার কারণ জানতে চান এবং আগের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করেন।

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় আলেম সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আলেমরা কোরআন-হাদিসের আলোকে ইমাম মাহদি সংক্রান্ত আকিদা ও বিশ্বাসের বিষয়টি তুলে ধরে এ ধরনের দাবিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেন।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, আনিস মিয়া দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে ‘তারা মিয়া’ নামে এক ভবঘুরে ব্যক্তিকে কেন্দ্র করে একটি মাজারের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বাড়িতে থাকা ওই স্থানে ‘বিসমিল্লাহ বড় আল্লা দরবার শরীফ’ লেখা একটি সাইনবোর্ডও রয়েছে।

তবে আনিস মিয়ার ‘ইমাম মাহদি’ দাবি করার বিষয়টির কোনো স্বাধীন সত্যতা যাচাই পাওয়া যায়নি। তার বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল তৈরি হলেও ধর্মীয়ভাবে এমন দাবির কোনো ভিত্তি রয়েছে কি না, সে বিষয়ে স্থানীয় আলেমরা আপত্তি জানিয়েছেন।

এর মধ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের সামনে নিজের আগের বক্তব্যকে ভুল বলে স্বীকার করেন আনিস মিয়া। একই সঙ্গে তিনি ওই বক্তব্যের জন্য ক্ষমা চান।

এ বিষয়ে স্থানীয় আলেমরা বলেন, ইমাম মাহদি সংক্রান্ত বিষয়টি ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। তাই কোনো ব্যক্তির দাবিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank