রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০১:১১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনার জেরে মসজিদে ঢুকে নামাজের রুকুতে থাকা এক বৃদ্ধ মুসল্লিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লা (৮০) ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকে (৩২) আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজ উল্লা এলাকায় একটি টং দোকান চালাতেন। অভিযুক্ত জসিম মিয়া প্রায়ই ওই দোকানে গিয়ে বাকিতে জিনিসপত্র নেওয়ার চেষ্টা করতেন।

এ নিয়ে গত শনিবার (২ মে) উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। রোববার ভোরে প্রতিদিনের মতো হাফিজ উল্লা ফজরের নামাজ আদায় করতে স্থানীয় লইয়ারকুল জামে মসজিদে যান। মসজিদের ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই আজান দেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হাফিজ উল্লাসহ দুজন জামাতে নামাজে দাঁড়ান। এক রাকাত শেষে দ্বিতীয় রাকাতের রুকুতে থাকা অবস্থায় জসিম মিয়া পেছন থেকে এসে হাফিজ উল্লাকে বলপয়েন্ট কলম দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন।

এতে মসজিদের ভেতরেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা অন্য মুসল্লির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত জসিম মিয়াকে আটক করতে সক্ষম হয়। জসিম একই এলাকার শওকত আলীর ছেলে।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন