সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম
শ্রমিক সমাবেশ
expand
শ্রমিক সমাবেশ

মানিকগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কলকারখানার বর্জ্য ও দূষিত পানি নদীতে ফেলে পরিবেশ ধ্বংসের প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জাগীর ইউনিয়নের গোলড়া চরখন্ড এলাকায় আকিজ গেইটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিকদলের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক (লিটন)।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আকিজ টেক্সটাইল কোম্পানির বর্জ্য ও দূষিত পানি সরাসরি নদীতে ফেলার কারণে পানি ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং কৃষকরাও কৃষিকাজে বাধাগ্রস্ত হচ্ছেন।

এছাড়া জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানিতে শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ ওঠে। বক্তারা দাবি করেন, সেখানে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হচ্ছে এবং নিয়োগ বাণিজ্য চলছে।

জাতীয়তাবাদী শ্রমিকদলের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি পীর বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক লিটন বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জাতীয়তাবাদী শ্রমিক দল অতীতেও পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শ্রমিকদের হয়রানি, টাকার বিনিময়ে নিয়োগ এবং অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার ঘটনা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, শিল্পকারখানার বর্জ্য পানি ব্যবস্থাপনার স্থায়ী সমাধান করতে হবে, অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।

সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিকদলের নেতাকর্মী, স্থানীয় শ্রমিক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান দাবি করেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন